বেঙ্গল মিরর ডেস্ক: শুধু শিক্ষক নিয়োগ নয়, বিভিন্ন পুরসভার কর্মী নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম হয়েছে। আদালতে এমনই চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন, আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর-সহ আটটি পুরসভায় ৬০০-র বেশি বেআইনি চাকরি হয়েছে। এই দুর্নীতির সময় ডিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান। প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের বিরুদ্ধে আগেই চার্জশিট পেশ করা হয়েছিল।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সূত্র অনুযায়ী, এই দুর্নীতির সঙ্গে যুক্ত তালিকায় উঠে আসে বেশ কয়েক জন রাজনৈতিক নেতা-নেত্রীর ঘনিষ্ঠ ব্যক্তির নাম। তারপরই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি শুরু করে সিবিআই।
প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই প্রথমে ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক ওএমআর শিট ও উত্তরপত্র। সেখান থেকেই পুরসভা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের ইঙ্গিত মেলে। তদন্তে নেমে এই সূত্র ধরেই একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই।

0 Comments