বেঙ্গল মিরর ডেস্ক: কুম্ভমেলা চলাকালীন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে গঙ্গাসাগর মেলার জন্য পৃথক ব্যবস্থা শিয়ালদহ ডিভিশন তথা পূর্ব রেলের। শিয়ালদহ দক্ষিণ শাখার যে কোনও প্ল্যাটফর্ম থেকে তীর্থযাত্রীরা গঙ্গাসাগরগামী ট্রেনে উঠতে পারবেন না। তাঁদের জন্য দক্ষিণ শাখার ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তীর্থযাত্রীরা শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে যেদিক থেকে প্রবেশ করবেন, সেদিক থেকে বের হতে পারবেন না। এ ক্ষেত্রেও নির্দিষ্ট করে গেট ভাগ করে দেওয়া হল। যাতে কোনওভাবেই বিশৃঙ্খলা বা পদপিষ্ট বা অন্যান্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
শুক্রবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা সাংবাদিক বৈঠকে বলেন, দক্ষিণ শাখায় প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে ডান দিক থেকে অর্থাৎ মেট্রো স্টেশনের পাশ থেকে একটি অংশ খুলে দেওয়া হচ্ছে। সে দিক থেকে হোল্ডিং এরিয়া থাকছে। সেখানে শৌচাগার, অনুসন্ধান কেন্দ্র, টিকিট পরীক্ষক সহ একাধিক পরিষেবার রাখা হচ্ছে। ওই গেট দিয়েই তীর্থযাত্রীদের স্টেশনে প্রবেশ করতে হবে।
রেলের তরফ জানানো হয়েছে, গত বছরের তুলনায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে আরপিএফ জওয়ান সংখ্যা। গতবার ২০০ থেকে ২২০ জন জওয়ান থাকলেও এবার শিয়ালদহ স্টেশন এবং কাকদ্বীপ স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্টেশনে থাকছে ৪০০ জওয়ান। গঙ্গাসাগরের জন্য থাকছে বিশেষ ট্রেন পরিষেবাও থাকবে।

0 Comments