নবান্নের সামনে নয় বিজেপির আন্দোলন হোক অন্যত্র, মত হাইকোর্টের

বেঙ্গল মিরর ডেস্ক : রাজ্য সরকারের বিরদ্ধে আন্দোলনের জন্য নবান্নের সামনে বিজেপির মিছিল ও ধর্নার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণ, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার সকলেরই রয়েছে, তবে নবান্ন একটি উচ্চ-নিরাপত্তা অঞ্চল। সেখানে কর্মসূচি করতে না-দেওয়ার ক্ষেত্রে পুলিশের যে যুক্তি, তা গুরুত্ব পাওয়ার যোগ্য বলেই মনে করেছে আদালত।


জানা গিয়েছে, পুরোপুরি নিষেধাজ্ঞা নয়— বিকল্প জায়গায় কর্মসূচির অনুমতি দিয়েছে হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী, নবান্ন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে বিজেপি ধর্না দিতে পারবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই কর্মসূচি চলতে পারবে বলে জানানো হয়েছে।

এই নির্দেশে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, নবান্নের সামনে ‘বুক ফুলিয়ে’ ধর্না দিতে চান তাঁরা। সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

Post a Comment

0 Comments