বাংলাদেশি তকমায় হেনস্তার শিকার বাংলার দুই হিন্দু পরিযায়ী শ্রমিক

বেঙ্গল মিরর ডেস্ক: শুধু মুসলিম নয় হিন্দু বাঙালি পরিচয় শ্রমিকদেরও সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের অত্যাচারিত হতে হল পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে অকথ্য অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। মাথার উপর গরম চা ঢেলে দিয়ে টাকা পয়সা ছিনতাই করার কথা জানান দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা।


জানা গিয়েছে, মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন দুর্গাপুরের লাউদোহা এলাকার দুই বাসিন্দা সমীর বাউরী ও তপন বাউরী। গত নভেম্বর মাসে খননের একটি কাজে মহারাষ্ট্রে গিয়েছিলেন দুই যুবক। অভিযোগ, কিছুদিন আগেই বাড়ি ফেরার সময় আচমকাই এই দুই যুবককে বাংলা ভাষায় কথা বলতে শুনে বাংলাদেশি সন্দেহে ব্যাপক মারধর করা হয়। এমনকি তাঁদের জামা প্যান্ট খুলে নগ্ন করার চেষ্টাও করা হয়। বাঁধা দিলে দুই যুবককে আটকে রেখে মাথায় গরম চা ঢালা হয়। চুরি করা হয় তাঁদের টাকা পয়সা।

এমন পরিস্থিতিতে কোনওক্রমে তাঁরা পালিয়ে আসে ছুটে স্টেশনে। তারপর সেখান থেকে ট্রেনে করে সমীর বাউরী ও তপন বাড়ি ফেরেন।দুর্গাপুরে পৌঁছন মাত্রই পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর তৎপরতায় লাউদোহা থানার পুলিশ বাড়িতে নিয়ে আসে ওই দুই যুবককে। রবিবার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁদের বাড়িতে আসেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। এমনকি আর্থিক সাহায্যও তুলে দেন তাঁদের পরিবারের হাতে। সেই সঙ্গে গোটা ঘটনায় বিজেপির উপর রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। 

Post a Comment

0 Comments