মমতা চতুর্থবার মুখ্যমন্ত্রী হলেই বাড়বে চা-বাগান শ্রমিকদের মজুরি: অভিষেক

বেঙ্গল মিরর ডেস্ক: বাম হোক বা তৃণমূল, কোনো আমলেই ভালো নেই চা বাগানের শ্রমিকরা। তবে বড় আশ্বাস দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ারের মাঝেরডাবরিতে সভায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসলে চা শ্রমিকদের দৈনিক মজুরি যাতে ৩০০ টাকা করা হয়, তা নিশ্চিত করবেন।

এ দিনের সভায় বক্তব্য রাখার পর চা শ্রমিকদের নানা অভিযোগ শোনেন অভিষেক। জানা গিয়েছে, তাঁর কাছে চিরকুটে প্রশ্ন লিখে পাঠানো হয়েছিল। সেখানেই মজুরি নিয়ে এক চা শ্রমিক প্রশ্ন করেছিলেন। তা দেখার পর ওই চা শ্রমিককে মঞ্চে ডেকে নেন অভিষেক১ কী কী সমস্যা রয়েছে, জানতে চান তিনি। ওই চা শ্রমিক বলেন, ‘আমাদের ১৪ দফা দাবি শোনা হচ্ছে না। জঙ্গলের কাঠ পাচ্ছি না। পাকা ঘর নেই। ইমার্জেন্সির জন্য অ্যাম্বুল্যান্সও নেই। গরিব লোককে নিজের মজুরি দিয়ে বা টাকা ধার করে অ্যাম্বুল্যান্সের ভাড়া দিতে হয়।’

চা বাগান শ্রমিকের সঙ্গে অভিষেক 

এ দিকে সমস্যার কথা শোনার পর অভিষেক বলেন, ‘২০১১ সালে তৃণমূল সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় ৬৭ টাকা দৈনিক মজুরি ছিল চা শ্রমিকদের। গত ১৪ বছরে অনেক লড়াই করে সেই মজুরি ২৫০ টাকা হয়েছে। এর আগে যখন এসেছিলাম ২৩২ টাকা ছিল। সেটা ১৮ টাকা বেড়েছে। কিন্তু আমি জানি, এই টাকায় সংসার চলে না। যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে আড়াইশো টাকা যথেষ্ট নয়। তাঁর আশ্বাস, ‘আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার ক্ষমতায় আসলে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে আলিপুরদুয়ারকে। এখানে ত্রিপাক্ষিক বৈঠক করা হবে। তাতে বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন। চা শ্রমিকদের দৈনিক মজুরি যাতে ৩০০ টাকা করা হয়, তা নিশ্চিত করা হবে।’

Post a Comment

0 Comments