জাহানারা খাতুন
কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিস্তারিত তথ্য আপলোড করা নিয়ে মুসলিম সমাজে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পোর্টাল এত শ্লো কাজ করছে যে মানুষ কিছুতেই কিছু করে উঠতে পারছেন না। অন্যদিকে নতুন আইনে রয়েছে বেশ কিছু খারাপ দিক, এমনই অভিযোগ। এমন পরিস্থিতিতে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক, দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বেশকিছু দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
![]() |
| TBM গ্রাফিক্স |
কংগ্রেস সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কিছু বক্তব্য এবং কার্যকলাপে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে কেন্দ্রের আনা সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি হয়েছিল। ফলত: তাঁরা অনেকেই ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ করেননি, কারণ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সূতিতে এসে আশ্বাস দিয়েছিলেন যে, এ রাজ্যে নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করতে দেওয়া হবেনা, সংখ্যালঘু মুসলিম সমাজ মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েছিলেন।"
শুভঙ্কর সরকার অভিযোগ করেন," বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চুপিসারে কেন্দ্রের নয়া সংশোধিত ওয়াকফ আইনকে মেনে নিয়ে ওয়াকাফ সম্পত্তির নথিভুক্তিকরণ নির্দিষ্ট সময়ের (৫ ডিসেম্বর'২৫) মধ্যে পোর্টালে আপলোড করানোর কাজে অগ্রসর হচ্ছেন। অথচ সূত্রের খবর এখনো পর্যন্ত মাত্র ১০ শতাংশ নথিভুক্তিকরণ সম্পন্ন হয়েছে। অর্থাৎ আগামী ৫ ডিসেম্বর'২৫ - এর ভিতর সমস্ত নথিভুক্তিকরণ প্রায় অসম্ভব। এক্ষেত্রে ভবিষ্যতে প্রচুর পরিমাণে ওয়াকফ সম্পত্তি বেআইনি ভাবে দখল হওয়ার সম্ভাবনা প্রবল। "
এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা বলেন, দাবি জানাচ্ছি যে, অবিলম্বে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে মুসলিম সমাজের প্রতিনিধিদের নিয়ে, ওয়াকফ সম্পত্তির অধিকারীদের প্রতিনিধিদের নিয়ে এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অতিদ্রুত একটি বৈঠক আহ্বান করতে হবে। পাশাপাশি ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের মাননীয় সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত সময়সীমা বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

0 Comments