বেঙ্গল মিরর ডেস্ক: শনিবার দেশের স্বাধীনতা আন্দোলনের এক অনন্য বিপ্লবী যতীন দাসের ৯৭তম শাহাদত দিবস। ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর লাহোর জেলে ৬৩ দিন অনশনের পর মাত্র ২৪ বছর বয়সে যাতীন দাসের মৃত্যু হয়। সেই উপলক্ষে এ দিন কলকাতার টাউন স্কুলের বিপরীতে সিকদার বাগান স্ট্রিটে তাঁর জন্মস্থান মামাবাড়ির পাশে তাঁর মূর্তিতে ‘বিপ্লবী যতীন দাস স্মরণ সমিতি’র পক্ষ থেকে মাল্যদান করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বিপ্লবীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। স্থানীয় নাগরিকরাও মাল্যদান করেন। বাড়িটিকে হেরিটেজ বাড়ি হিসাবে ঘোষণা করে বিপ্লবী স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করার দাবি তোলেন স্থানীয়রা।
![]() |
| ছবি নিজস্ব। |
অন্যদিকে যতীন দাস পার্কে শহিদ যতীন দাস স্মৃতি সমিতি ও শহিদ যতীন দাস কালচারাল ফোরামের পক্ষ থেকে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান ও বিপ্লবীদের পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, প্রফুল্ল চাকী, বিপ্লবী সূর্য সেন-সহ বহু বিপ্লবী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রসাদ রঞ্জন দাস-সহ বিপ্লবী পরিবারের সদস্যগণ। আর সভাপতিত্ব করেন সুবীর কুণ্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ যতীন দাস কালচারাল ফোরামের উপদেষ্টা করুনা ভট্টাচার্য, সম্পাদক অর্কদ্যুতি সরকার, দক্ষিণ কলিকাতা জনস্বাস্থ্য রক্ষা মঞ্চের সম্পাদিকা স্বাতী ঘোষ। এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের ওপর নৃত্য পরিবেশন করেন দক্ষিণায়ন কলাসঙ্গমের ছাত্রীরা। এছাড়াও আবৃত্তি ও সুস্বাস্থ্য বোধক গান পরিবেশিত হয়।

0 Comments