জাহানারা খাতুন
২০ ও ২১ জানুয়ারি '২৪ সেবা কেন্দ্র ক্যালকাটা সভাঘরে অনুষ্ঠিত হল রাজ্য কমিটি নির্বাচন ও জাতীয় স্তরের কর্মশালা। প্রতি বছর জানুয়ারি মাসে সংযুক্ত অভিভাবক পরিষদের রাজ্যস্তরের কর্মকর্তারা নির্বাচিত হন এক বছরের জন্য। আগামী এক বছরের জন্য সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. নূরুল ইসলাম ও আলমগীর সরদার। তাদের হাতে দায়িত্ব তুলে দেন বিদায়ী সভাপতি ও সম্পাদক যথাক্রমে শাহ আলম ও আজিজুর রহমান। এছাড়াও এই সভায় কোষাধ্যক্ষ, একাধিক সহ-সভাপতি, সহ-সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।
![]() |
| Team UGC |
এ নিয়ে কর্মশালা হয়। কর্মশালার শিরোনাম ছিল, 'মাইনোরিটি ওরিয়েন্টেশন সামিট'। এই সভায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ও অমুসলিম বুদ্ধিজীবী ও সমাজকর্মীরা, তারা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ তথ্য উপস্থাপন করেন। বক্তারা আলোচনা করেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ-সামাজিক সঙ্কট ও উত্তরণের রোডম্যাপ নিয়ে। আলোচনা হয় গণসংগঠনের নেতাকর্মীদের দায়দায়িত্ব এবং তাদের কর্মকৌশল নিয়ে। লক্ষ্য অর্জনের জন্য কিভাবে কাজ করতে হবে সে বিষয়েও আলোচনা হয়।
নতুন সভাপতি ড. নূরুল ইসলাম সংগঠনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, খুব শীঘ্রই জেলা ভিত্তিক কমিটি সক্রিয় করে পশ্চিমবঙ্গের সব জেলায় নিবিড় অভিযান শুরু হবে। বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সহমতের ভিত্তিতে কাজ করা হবে।
প্রসঙ্গত, এই সংগঠন কিছুদিন ধরে রাজ্যে ইংরেজিমাধ্যমে শিক্ষা বিস্তারের উপর জোর দিচ্ছে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেইএই কাজ চলছে। যাতে আরও বেশি করে ইংরেজিমাধ্যম স্কুল তৈরি হয় তার জন্য সার্বিক সচেতনতা তৈরি করছে এই সংগঠন। একইসঙ্গে তাদের উদ্দেশ্য হল পিছিয়ে পড়া জনজাতির ছেলেমেয়েরা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমানতালে নিজেদের উপস্থিতি রাখতে পারে তার জন্য প্রচার করা। এবং সরকারিভাবে বিভিন্ন স্কুল যাতে ইংরেজিমাধ্যমে হয় সেক্ষেত্রেও প্রচেষ্টা করে থাকে এই সংগঠন।

0 Comments