বদলাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়সূচি, আপত্তি প্রধানশিক্ষক সংগঠনের

জাহানারা খাতুন

আর কিছুদিন পরেই পরীক্ষা তার আগে বদলে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়। বেলা ১২ টার পরিবর্তে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং শেষ হবে বেলা ১ টায়। ভোকেশনালের ক্ষেত্রে সময়সীমা ২ ঘণ্টা। জানা গিয়েছিল, এবছর ভোটের কারণে এগিয়ে আনা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারির ১৬ তারিখ থেকে শুরু হবে পরীক্ষা। সংসদের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা শুরু হবে বেলা ১২ টায়। সেই হিসাবে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৩টে বেজে ১৫ মিনিটে। তবে সময় পরিবর্তন করে ঠিক হয়েছে পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে এবং শেষ হবে বেলা ১ টায়।এ নিয়ে আপত্তি তুলেছে প্রধানশিক্ষকদের সংগঠন।

অন্যদিকে মাধ্যমিকের সূচিতেও বদল এসেছে। চলতি বছরে মাধ্যমিক শুরু হচ্ছে ১২ টার পরিবর্তে ৯টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে বেলা ১ টায়। শুধু তাই নয়, মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কমরুদ্দিনও জানিয়েছেন, হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫মিনিটে এবং শেষ হবে দুপুর ১টায়।

সামগ্রিক বিষয় নিয়ে প্রধানশিক্ষক শিক্ষিকাগণের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস্-এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "উক্ত পরীক্ষাসূচি মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারে ইতিমধ্যেই ছেপে বের করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের কাছে তা পৌঁছেও গেছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার এভাবে সময়সূচি পরিবর্তন পরীক্ষার্থীদের কাছে আদৌ পৌঁছবে কি? কোন দরকার ছিল এই পরিবর্তনের?" তিনি আরও বলেন, পরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ে পর্ষদ এবং সংসদ কর্তৃপক্ষের এত অস্থিরতা পরীক্ষার্থী মহলে উদ্বেগ তৈরি করবে।

Post a Comment

0 Comments