বেঙ্গল মিরর ডেস্ক: কিছু কিছু ডাক আমরা ফিরিয়ে দিতে সক্ষম, কিন্তু মৃত্যুর ডাক? না তা হয়না। মৃত্যুর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। জন্ম-মৃত্যুর চক্রাকার খেলায় সৃষ্টিজগতের ক্রমাবির্ভাব ও অবশ্যম্ভাবী পঞ্চভূতে বিলীন হওয়া। কোরানে আছে, 'প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে' প্রকৃতির অমোঘ নিয়মে তাই চলে যাওয়া। আজ সোমবার রাতে দেহত্যাগ করলেন বিশিষ্ট কবি নাসিম এ আলম।
জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে নটার সময় ইন করেন কবি। দীর্ঘদিন তিনি দূরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে হারালেন জীবনযুদ্ধে। সব কবিতার খেলা হল সমাপন। নাসিম এ আলম-এর জন্ম ১৯৬৬ সালে। তিনি দীর্ঘদিন মুখগহ্বরের ক্যানসারে ভুগছিলেন। কলকাতা, ভেলোর, মুম্বই প্রভৃতি জায়গায় চিকিৎসাতেও কোনও সাড়া মেলেনি।
কবির বাড়ি ছিল বীরভূম জেলার নিমড়া গ্রামে। তাঁর মায়ের পিতা ছিলেন এম আব্দুর রহমান স্বাধীনতা সংগ্রামী ও লেখক। বহু গ্রন্থ রচনা করেছেন । তাঁরই কন্যা ফাতেমা খাতুনের ছেলে নাসিম। কবির পিতার নাম নুরুল আবসার।
জানা গিয়েছে, কবি নাসিম এ আলম কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি করেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। বর্তমানের কবি মহলে তিনি পরিচিত নাম। তাঁর লেখনীর স্বকীয়তা পাঠক মহলে বিশেষ সমাদৃত।

0 Comments