বেঙ্গল মিরর ডেস্ক: সোমবার ১১ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বাইরে বেরোলেন। সংবাদমাধ্যমের বুম সামনে আসতেই সাফ জানিয়ে দিলেন, ''আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক নই।'' এ দিনের ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সামনে এর আগেও একাধিকবার হাজিরা দিয়েছি। আমাকে দু'বার দিল্লিতেও তলব করা হয়েছিল, আমি সেখানেও গিয়েছি। সব মিলিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির সামনে আমি প্রায় ১০ থেকে ১২ বার হাজিরা দিলাম।" ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, তিনি তদন্তে নিজের সাধ্যমতো সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং তদন্তকারীদের প্রতিটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়েছেন।
এই গোটা প্রক্রিয়ার পিছনে দিল্লির কোনও রাজনৈতিক চাপ বা প্রতিহিংসা রয়েছে কি না, তা নিয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করতে চাননি অভিষেক। কিছুটা কটাক্ষের সুরেই তিনি বলেন, "এর পিছনে কোনও রাজনৈতিক চাপ আছে কি না, তা নিয়ে আমি মন্তব্য করব না। তবে বিজেপি-র ব্যাপারে যত কম বলা যায়, তত ভাল।" তাঁর অভিযোগ, গত এক মাস ধরে বিরোধীদের কণ্ঠরোধ করার একটা পরিকল্পিত ও লাগাতার চেষ্টা চলছে। যারা দিল্লির কাছে মাথা নত করতে চাইছে না, তাদের ভয় দেখিয়ে, দুর্বল করে এবং দমন করে আসলে একটা 'বিরোধীশূন্য পশ্চিমবঙ্গ' তৈরি করার ব্লু-প্রিন্ট সাজানো হচ্ছে।
0 Comments