বেঙ্গল মিরর, কোটা: বিজেপির বিভ্রান্তিকর শিক্ষানীতি এবং পরীক্ষা-ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির জন্য পড়ুয়ারা ভালো নেই। বুধবার রাজস্থানের কোটা থেকে দেশব্যাপী আন্দোলনের সূচনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নানান অভিযোগ করেন। দাবি তুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের। তাঁর ডাকে ‘ছাত্র কী গুঞ্জ মহার্যারলি’তে পড়ুয়াদের উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে। নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, চাকরিতে নিয়োগে ব্যাপক অনিয়মের জন্য মোদি সরকারকে দায়ী করে বিজেপিকে তুলোধনা করেন রাহুল। মোদি সরকারের অপদার্থতার কারণে ছাত্রছাত্রীরা এবং চাকরিপ্রার্থীরা দৈনন্দিন যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা তাঁর ভাষণে তুলে ধরেন রাহুল।
এই দিনের বিক্ষোভ-সমাবেশের মূল বৈশিষ্ট্য ছিল, ছাত্রছাত্রীদের সঙ্গে রাহুলের মত বিনিময়। তাঁদের মধ্যে মিশে গিয়ে অভাব-অভিযোগের কথা শোনেন কংগ্রেস সাংসদ। তাঁর মতে, একের পর এক প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিল কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সমগ্র ব্যবস্থার এমন এক ব্যর্থতা, যা ভেঙে দিচ্ছে কোটি কোটি শিক্ষার্থীর স্বপ্ন। শুধুমাত্র স্বপ্ন দেখার জন্য শাস্তি পেতে হচ্ছে তাঁদের। চাকরিপ্রার্থী এবং শিক্ষার্থীদের এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান রাহুল। এ দিকে কংগ্রেস নেতা শচীন পাইলট বুধবার অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর সমাবেশের ব্যানার এবং পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে সুপরিকল্পিতভাবে। তাঁর কর্মসূচিতে যাতে পড়ুয়ারা যোগ দিতে না পারেন, তার জন্য শাসানো হয়েছে তাঁদের। অভিযোগের আঙুল স্পষ্টতই বিজেপির দিকে।
0 Comments