মালদহে তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর

বেঙ্গল মিরর ডেস্কঃ ভোটে জেতার পর থেকেই বিজেপির হিংসা চলছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে মালদহ শহরের ১২ নম্বর ওয়ার্ডের পুড়াটুলি এলাকায় ঘটে এক ঘটনা। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জানা গিয়েছে, ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছবি দাসের ছেলে প্রসেনজিৎ দাস মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি। গাজোল বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়লেও তিনি পরাজিত হন। পুড়াটুলিতে থাকা একটি অফিস থেকেই তিনি কাউন্সিলরের বিভিন্ন জনসংযোগ ও সাংগঠনিক কাজ সামলাতেন। স্থানীয়দের কাছে সেটিই কাউন্সিলরের অফিস হিসেবে পরিচিত।

অভিযোগ, বৃহস্পতিবার আচমকাই বাবু দাস নামে এক স্থানীয় যুবক অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। সে নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করে চিৎকার- চেঁচামেচিও করে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন প্রসেনজিৎ দাস। হাতেনাতে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। 

ঘটনার পর প্রসেনজিৎ দাস জানান, অভিযুক্ত যুবক কোনওভাবেই বিজেপির সক্রিয় কর্মী নয়।তিনি দাবি করেন, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে এবং ইচ্ছাকৃতভাবেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছে। অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি জানান, অভিযুক্ত যুবকের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। নেশার ঘোরেই সে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

Post a Comment

0 Comments