বেঙ্গল মিরর ডেস্ক: দিকে দিকে হকার উচ্ছেদের প্রতিবাদে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল ২১ মে হাওড়া-শিয়ালদা স্টেশন এবং বালিগঞ্জ-চত্বরে প্রতিবাদে সরব হবেন তৃণমূল নেতা-কর্মীরা। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে কালীঘাটে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুলডোজার-রাজের ফলে হাজার হাজার হকার মুহূর্তে বেকার হয়ে গিয়েছেন। অথৈ জলে পড়েছে কয়েক লক্ষ পরিবার। দিকে দিকে হাহাকার চলছে। এমনই অভিযোগ তৃণমূলের।
আরো নানা কারণে পথে প্রতিবাদে নামার সময় হয়েছে বলে মনে করছে তৃণমূল। বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমাদের দলের ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগ নিতে হবে। তাঁদের পাশে থাকতে হবে। আইনি সহযোগিতা করতে হবে। '' বৈঠক-শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ দলের কর্মসূচির কথা জানান। একইসঙ্গে তিনি বলেন, ''নতুন রাজ্য সরকার ঘরছাড়াদের ঘরে ফেরানোর কথা বলছেন। কিন্তু ঘরে ফেরাতে কী সমস্যা হচ্ছে যে ২০২১-এর পোস্ট পোল ভায়োলেন্স মামলায় তাঁদের জড়িয়ে দেওয়া হচ্ছে! ফলে ঘরে ফেরানো মুশকিল হচ্ছে। এর বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস।''
জানা গিয়েছে, বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি-ভাঙার প্রসঙ্গ উঠলে তিনি সাফ জানিয়ে দেন, ওরা বাড়ি ভাঙুক যা খুশি করুক— আমি বিজেপির কাছে মাথা নত করব না। জাগো বাংলা খবর করেছে যে, অভিষেক বলেন, ''আমাদের রাজ্য অনেক মুখ্যমন্ত্রী দেখেছে। কিন্তু এরকম মুখ্যমন্ত্রী দেখেনি যিনি ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিচ্ছেন!''
0 Comments