বুলডোজার, আযান ও নামায ইস্যুতে সেভেন পয়েন্টে বিক্ষোভ

বেঙ্গল মিরর ডেস্ক: নতুন সরকারের প্রশাসনিক বিধিনিষেধ এবং বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং। আযান ও নামায সংক্রান্ত সরকারি বিধিনিষেধ এবং উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এ দিন রাস্তায় নেমে  বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পাল্টা বিক্ষোভকারীদের তরফেও পুলিশ ও বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী।

এ দিন বিক্ষোভকারীরা দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা চলছে। আযান ও নামায সংক্রান্ত সাম্প্রতিক কিছু প্রশাসনিক কড়াকড়িকে তাঁরা ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ হিসেবে দেখছেন। এর পাশাপাশি এলাকায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। এই জোড়া ফলার প্রতিবাদেই এ দিন পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে বিশাল জমায়েত হয়।যান চলাচল স্তব্ধ হয়ে পড়ার উপক্রম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতেই শুরু হয় তুমুল ধস্তাধস্তি। উত্তেজনা চরমে পৌঁছলে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। এরই পাল্টা হিসেবে বিক্ষোভকারীদের একাংশ পুলিশ ও বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছুড়তে শুরু করে। নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকা জুড়ে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

Post a Comment

0 Comments