অভাবের মধ্যেও উজ্জ্বল সাফল্য, মাধ্যমিকে ৬৩৬ পেয়ে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে প্রথম শুভজিৎ

বেঙ্গল মিরর ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র শুভজিৎ নস্কর এবারের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের ছাত্র শুভজিৎ এই বছর মাধ্যমিক পরীক্ষায় ৬৩৬ নম্বর অর্থাৎ ৯০.৮৫ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। শুভজিতের বাড়ি সুন্দরবনের খোজখিদির গ্রামে। তার পিতা পিন্টু নস্কর পেশায় দিনমজুর এবং মাতা বাসন্তী নস্কর একজন গৃহবধূ। অত্যন্ত অভাবের মধ্যেও পরিবারের অদম্য সংগ্রাম ও ছেলের অধ্যবসায় এই সাফল্যের পথ তৈরি করেছে।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী শুভজিৎ ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। তবে তার এই স্বপ্নপূরণের প্রধান অন্তরায় আর্থিক অসচ্ছলতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন। এ নিয়ে বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সম্পাদক  চন্দন কুমার মাইতি জানান, শুভজিৎ অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী ছাত্র। উপযুক্ত সহযোগিতা পেলে সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তিনি সমাজের সহৃদয় ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষাপ্রেমী মানুষের কাছে শুভজিতের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন, যাতে আর্থিক প্রতিবন্ধকতা তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

Post a Comment

0 Comments