নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে বামপন্থীদের মিছিল

বেঙ্গল মিরর ডেস্কঃ ভোট মিটে গেলেই রাজ্যে নরকযন্ত্রণা শুরু হয় সাধারণ মানুষের । এবারও অন্যথা হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে সরব বামেরা। নির্বাচন পরবর্তী সন্ত্রাসে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণের পাশাপাশি লেনিন মূর্তি ভাঙার  অভিযোগ। এইসব ঘটনায় প্রতিবাদ জানানো হয় মিছিলে। শুক্রবার বিকালে মিছিল শুরু হওয়ার সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিমান বসু, সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টচার্য, সিপিআই নেতা স্বপন ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জি, সিপিআই(এম-এল) লিবারেশন নেতা অতনু চক্রবর্তী, আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য। 

বাম -নেতৃবৃন্দ বলেন, ''ওরা বাংলার সংস্কৃতি শুধু ভাঙবে না, কর্পোরেটদের হাতে রাজ্যকে তুলে দিতে চাইবে। আমাদের লড়াই রাজ্যকে রক্ষা করার। বিজয় উল্লাসের নামে এই ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে হবে।'' শ্রীদীপ ভট্টাচার্য বলেন, এবার বিধানসভা নির্বাচনে একদিকে তৃণমূলের মতো দল অন্য দিকে আরএসএস’র বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। এই নির্বাচন ফলাফলের পর নতুন করে আমাদের লড়াই করতে হয়। ২০১১ সালের পর থেকে আমরা লড়াইয়ের রাস্তায় ছিলাম। আজ আবার ধর্মনিরপেক্ষতা বহুত্ববাদ আক্রান্ত। এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে হবে বিজেপিকে। 

অন্যদিকে, বিজয় উল্লাসের নামে শ্রমজীবি মানুষের রুটিরুজির ওপর বর্বর আক্রমণ ও লেনিনের মূর্তির অবমাননার প্রতিবাদ জানাল বামপন্থী দলসমূহের দার্জিলিঙ জেলা কমিটি। শুক্রবার বিকেলে বামপন্থী দলসমূহের ডাকে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিল ভেনাসমোড় ঘুরে হিলকার্ট রোড ধরে সেবক মোড় হয়ে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির প্রবীন নেতা জীবেশ সরকার, প্রবীন পার্টি নেতা অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, গৌতম ঘোষ, জয় চক্রবর্তী, তাপস গোস্বামী, বিকাশ সেন রায় সহ বামপন্থী দলসমূহের অন্যান্য নেতৃত্ব। 

Post a Comment

0 Comments