বেঙ্গল মিরর ডেস্কঃ সোমবার ভোটের ফলাফল ঘোষণার পর দিকে দিকে হামলার অভিযোগ সামনে এসেছে। এরই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট এবং রাজাবাজার ক্যাম্পাস দখল করতে আসার অভিযোগ উঠল। এইআইডিএসও-র দাবি- কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট এবং রাজাবাজার ক্যাম্পাস দখল করতে এসে বামপন্থী ছাত্রদের আক্রমণ করেছে বিজেপি- এবিভিপি৷ ছাত্রছাত্রীরা পাল্টা প্রতিরোধ করেছেন।
এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ''কলকাতার মুসলিম প্রধান নিউ মার্কেট এলাকায়, নিজাম রেস্তোরাঁর কাছাকাছি ডিজে বাজিয়ে বুলডোজার নিয়ে জমায়েত করেছে বিজেপি৷ গরীব মানুষের পেটে লাথি মেরে বুলডোজার দিয়ে দোকানপাট ভেঙে দিয়েছে৷ গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বুলডোজার নিয়ে মিছিল করছে। রাজ্যের একাধিক জায়গায় বিজেপি বিরোধী রাজনৈতিক কর্মীদের খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ফ্যাসিস্ট বিজেপির ঝঞ্ঝাবাহিনী রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি করেছে৷ তার মাঝেই আজ বিকেলে মার্ক্স ও প্রীতিলতার জন্মদিনে আমরা অনেকে সমবেত হয়েছিলাম কার্জন পার্কে মার্ক্স- এঙ্গেলসের মূর্তির সামনে। সেখান থেকে গিয়েছিলাম রেড রোডে শহীদ প্রীতিলতার মূর্তির পাদদেশে।''
আরও বলা হয়েছে, ''আমরা শপথ নিয়েছি, ফ্যাসিস্ট আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করব না৷ সর্বোচ্চ নমনীয়তার সঙ্গে, কমন মিনিমামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট বিজেপি-আরএসএসের বিরুদ্ধে দাঁড়াব। রাজনৈতিক দলগুলি তাদের কাজ করুক৷ আমরা, পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ নাগরিকরা আমাদের মতো করে প্রতিরোধ গড়ে তুলি। এই দুই প্রতিরোধের মধ্যে কোনও দেওয়াল নেই। এই লড়াই দীর্ঘ, ক্লান্তিকর, একঘেয়ে। এই লড়াই চলবে।''

0 Comments