পূর্ব-পরিচিত মহিলাকে ফাঁসাতে শুভেন্দুকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের জালে আইটি-কর্মী

বেঙ্গল মিরর ডেস্ক: পরিচিত মহিলাকে ফাঁসাতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আল-কায়দার সাহায্যে আত্মঘাতী বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। জানা গিয়েছে, গত ১৪ মে রাতে এই সংক্রান্ত একটি ইমেল পৌঁছয় ভবানীপুর থানার ওসির কাছে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে লালবাজার ও ভবানীপুর থানা। তারপর রুদ্ধশ্বাস তদন্তের শেষে শুক্রবার গার্ডেনরিচ এলাকা থেকে হাসনীন ইকবাল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক পেশায় আইটি-কর্মী বলে খবর। পুলিশ জানতে পেরেছে ধৃত হাসনীন গার্ডেনরিচের গোলাম আব্বাস লেনের বাসিন্দা।

জানা গিয়েছে, ভবানীপুর থানায় যে মেলটি এসেছিল, সেটি পাঠানো হয়েছিল এক মহিলার নামে। সেখানে দাবি করা হয়, আল-কায়দা জঙ্গি সংগঠনের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর ওপর আত্মঘাতী হামলা চালানো হবে। গ্রেফতারের পর পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আসল রহস্য ফাঁস হয়। হাসনীন স্বীকার করেছে, যে মহিলার নাম ব্যবহার করে সে মেলটি পাঠিয়েছিল, তিনি তার পূর্বপরিচিত। মূলত ওই মহিলা এবং তাঁর পরিবারকে চরম বিপদে ফেলতেই এই মারাত্মক চক্রান্তের জাল বুনেছিল সে।

এ দিকে তদন্তে নেমে ধৃত যুবকের ঘর থেকে জাল নোট (ফেক কারেন্সি) উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশ জানতে পেরেছে, আইটি-র কাজ জানায় সাইবার প্রযুক্তি ব্যবহারে সিদ্ধহস্ত হাসনীন। এর আগেও সে ভয়ের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ও ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর মেল পাঠিয়েছিল। পুলিশ হাসনীন ইকবালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৫৩(২), ২১৭(B) এবং ৬১(২) ধারা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছে। ধৃতের সঙ্গে কোনও বড় জঙ্গি সংগঠনের পরোক্ষ যোগ রয়েছে কি না, নাকি কেবলই ব্যক্তিগত আক্রোশ মেটাতে এই কাণ্ড— তা নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ।

Post a Comment

0 Comments