বেঙ্গল মিরর ডেস্ক: নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-কর্মীরা মার খাচ্ছেন বলে অভিযোগ। এরই মধ্যে খুন হয়েছেন ২ বিজেপি কর্মী। এই পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামে পুলিশ লাইন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। ঘটনার পর তৃণমূলের দিকে আঙুল তোলে বিজেপির নেতা-কর্মীরা। পাল্টা ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত দাবি তোলে তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, বুধবার রাতে যে দুষ্কৃতী তাণ্ডবে মৃত্যু হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের, তা নিন্দা করা হয় তৃণমূলের তরফে। জানানো হয়, রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস খুনের ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। সেইসঙ্গে আদর্শ আচরণ বিধি লাগু থাকা সত্ত্বেও গত তিনদিনে ভোট পরবর্তী হিংসায় বিজেপির দুষ্কৃতীদের হাতে যে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে তারও নিন্দা করা হচ্ছে। এই ঘটনায় রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূলের দাবি, এই ঘটনায় সবথেকে শক্তিশালী সম্ভাব্য পদক্ষেপ দাবি করছি। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক, যাতে ঘটনায় যুক্তরা চিহ্নিত হোক ও দ্রুত ঘটনার বিচার হোক। গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক হত্যার কোনও জায়গা নেই এবং আততায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

0 Comments