নর্তকী-সঙ্গ ও চটুল নাচ: যোগীরাজ্যের ‘সিংঘম’-এর ভিডিও দেখিয়ে খোঁচা মহুয়া-অখিলেশের

বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে বঙ্গ-রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এক আইপিএস অফিসার। যিনি উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ হিসেবে পরিচিত।  ২০১১ সালের ক্যাডার অজয় পাল শর্মা এখন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই বিতর্ক তাঁর ছায়াসঙ্গী হয়ে উঠেছে। ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে হানা থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবনের ভিডিও ভাইরাল হওয়া - সব মিলিয়ে ভোটের মুখে সরগরম রাজনৈতিক ময়দান।

এই আইপিএস অজয় পাল শর্মার কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে সরাসরি আক্রমণ শানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওটিতে জনৈক পুলিশ অফিসারকে হালকা মেজাজে নাচগান করতে দেখা যাচ্ছে। তা পোস্ট করে মহুয়া লিখেছেন, “ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া... দেখে ভাল লাগছে আপনি ফান্টা স্টাইলে ফুর্তি করছেন। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। মনে রাখবেন বাংলায় সবসময় তৃণমূল।” অন্য একটি পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, “আশা করি নাচের চেয়ে আপনি পুলিশি পেশায় বেশি দক্ষ।”

এখানেই শেষ নয়, মহুয়ার সুরেই সুর মিলিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, পুলিশ অফিসারের এই ধরনের আচরণ উত্তরপ্রদেশের জন্য লজ্জার। তাঁর মতে, এটি বিজেপির অনুগামী মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনেরই এক চিত্র।

জানা গিয়েছে, সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন অজয় পাল শর্মা। সেখানে উপস্থিত লোকজনকে তাঁর কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করা হয়নি)। এই ঘটনার পর তৃণমূল প্রশ্ন তুলেছে, একজন পুলিশ পর্যবেক্ষক এভাবে প্রার্থীর বাড়িতে ঢুকে হুমকি দিতে পারেন? জাহাঙ্গির খান পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “উনি যদি উত্তরপ্রদেশের সিংঘম হন, তবে আমরাও এক একজন পুষ্পা। মাথা নত আমরা করব না।” বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, লুধিয়ানার ভূমিপুত্র অজয় পাল শর্মা আদতে একজন দন্ত চিকিৎসক। কিন্তু ডাক্তারি ছেড়ে তিনি পুলিশের উর্দি বেছে নেন। উত্তরপ্রদেশে তাঁর দীর্ঘ কেরিয়ারে ১০০-র বেশি এনকাউন্টারের ইতিহাস রয়েছে, যার ফলে অপরাধীদের কাছে তিনি ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ হিসেবে পরিচিত। বর্তমানে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা এই অফিসারকে কেন স্পর্শকাতর দক্ষিণ ২৪ পরগনায় আনা হল, তা নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল।

Post a Comment

0 Comments