বেঙ্গল মিরর ডেস্ক: ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর পর থেকেই শোরগোল বাংলায়। একাধিক প্রশ্ন, যার উত্তর একসপ্তাহ পরও অধরা। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়। শুধু তাই নয়, তালসারি থানায় এফআইআর করতে পৌঁছে যান প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামেরঅন্যান্য সদস্যরাও। আজ রাত ১১টা নাগাদ তালসারি থানায় পৌঁছয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার, যীশু সেনগুপ্ত প্রমুখ। প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা মোট পাঁচজনের নামে এ দিন লিখিত অভিযোগ করেন।
FIR-এ প্রিয়াঙ্কা ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের নামের পাশাপাশি শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী ও চন্দ্রশেখর চক্রবর্তীর নাম লেখেন। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় এই মামলা রুজু করা হয়। দেরি করে FIR প্রসঙ্গে প্রিয়াঙ্কার বয়ান, “আমি আমার স্বামীকে হারিয়েছি। এই ক্ষতি আমাকে গভীরভাবে ভেঙে দিয়েছে। মানসিকভাবে আমি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যিনি সারাজীবন আমাকে পথ দেখিয়েছেন, তাঁকে এভাবে হারাব—এ কথা কোনওদিন কল্পনাও করিনি। সেই কারণেই অভিযোগ দায়ের করতে আমার কিছুটা দেরি হয়েছে।”
আজ শনিবার দুপুরেই রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার গিয়ে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এ দিন থানা চত্বরে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত, চন্দন সেন-সহ বহু অভিনেতা-অভিনেত্রীদের। প্রসঙ্গত, ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের, তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই FIR-এর সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে খবর।

0 Comments