বেঙ্গল মিরর ডেস্ক: প্রয়াত হলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মণি ছেত্রী। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ১০৬ বছর। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। প্রায় ১৫ দিন আগে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে মণিপাল হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকদিন চিকিৎসার পর বাড়িতে ফেরেন। সেখানেই আজ জীবনের ইতি। ১৯২০ সালে দার্জিলিঙে জন্ম ডাঃ মণি ছেত্রীর। দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি শুধু একজন সফল হৃদরোগ বিশেষজ্ঞই নন, ছিলেন দক্ষ প্রশাসক এবং অনন্য শিক্ষকও। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি এসএসকেএম হাসপাতালের অধিকর্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৭৪ সালে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকেই দীর্ঘায়ুর মূলমন্ত্র বলে মনে করতেন ডাঃ মণি ছেত্রী। ভোর চারটেয় ঘুম থেকে ওঠা, নিয়মিত হাঁটা, নির্দিষ্ট সময়ে খাবার—এই ছিল তাঁর অভ্যাস। নিজেই বলতেন, “আমিষ-নিরামিষ সব খাই, কিন্তু ঘড়ি ধরে খাই। আর হাসিখুশি থাকি, জীবনকে ভালোবাসি।” ভবিষ্যতের চিকিৎসাবিজ্ঞান যে জিন-থেরাপির উপর নির্ভর করবে, সে কথাও বহু আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। তাঁর ছাত্রছাত্রীরা আজ ছড়িয়ে রয়েছেন দেশ-বিদেশে। অনেকেই অবসর নিয়েছেন, তবু তাঁদের কাছে ‘স্যার’ ছিলেন চিরকালীন পথপ্রদর্শক। দীর্ঘ জীবনে তিনি সাক্ষাৎ পেয়েছেন ইতিহাসের বহু ব্যক্তিত্বের—ডাঃ বিধানচন্দ্র রায় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

0 Comments