অভিনেতা রাহুলের মৃত্যু, মহিলা কমিশনের চেয়ারম্যান লীনার পদত্যাগ দাবি

বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি এক দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুনোদয় ব্যানার্জির। এ নিয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এমনই দাবি তুলল মানবাধিকার সংস্থা এপিডিআর-এর রাজ্য সম্পাদক রঞ্জিত সূর।

এক বার্তায় তিনি বলেন, "যে সিরিয়ালে অভিনয় করার সময় রাহুলের মৃত্যু ঘটেছে সেই 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালটির  প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। রাহুলের মৃত্যুর পরিপ্রেক্ষিতে সিরিয়ালটির প্রযোজক সংস্থার বিরুদ্ধে অনুমতি না নেওয়া, নিরাপত্তা ব্যবস্থা না করা, অবহেলা, অব্যবস্থা, দায়িত্বজ্ঞ্যানহীনতা ইত্যাদি বিষয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, প্রযোজকের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলাই রাহুলের মৃত্যুর কারণ।  প্রযোজক যদি মহিলা কমিশনের চেয়ারম্যান হিসাবে ক্ষমতার আসনে বসে থাকেন তবে তদন্ত ভীষণভাবে প্রভাবিত হতে পারে। সকলেই জানেন, ন্যায় বিচার শুধু দিলেই হয় না দেখাতেও হয় যে ন্যায় বিচার দেওয়া হয়েছে। কাজেই ন্যায় বিচারের স্বার্থে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ লীনা গঙ্গোপাধ্যায়ের উচিত অবিলম্বে পদ থেকে সরে দাঁড়ানো। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত টালিগঞ্জের পুরো সিনেমা- সিরিয়াল ইন্ডাস্ট্রির স্বার্থেই ভীষণ জরুরি।"

Post a Comment

0 Comments