ডোম যখন নায়ক: আতিউলের সিনেমা "দানব" ঘিরে চর্চা টলিউডে

আসিফ রেজা আনসারী

কথায় কথায় মানুষ বলেন- বাংলায় ভালো ছবি হচ্ছে না। আসলে আমরা বাংলা সিনেমার পাশে দাড়াচ্ছি না। বর্তমানে নতুন কিছু পরিচালক ও অভিনেতা বা অভিনেত্রী উঠে আসছে, যারা সত্যি মাটির মানুষ। একইসঙ্গে তাদের অভিনয় দক্ষতা যথেষ্ট প্রশংসনীয়। এই জায়গায় দাঁড়িয়ে নতুন ছবি দানব নিঃসন্দেহে দর্শকদের নজর কাড়বে।

সবচেয়ে বড় কথা মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে বড় হওয়া, তারপর কলকাতার মতো জায়গায় যেখানে হাজারো প্রতিযোগিতা, সেখানে দাঁড়িয়ে পুণ্য দৈর্ঘ্যের ফিচার ফিল্ম নির্মাণ করেছে মুর্শিদাবাদের ভূমিপুত্র তথা পরিচালক আতিউল ইসলাম। মোহনা ফিল্মস-এর প্রযোজনায় ছবিটি মুক্তি পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাউথ সিটি মলের আইনক্স হলে এর বিশেষ প্রিমিয়ার শো হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক-সহ কলাকুশলী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।

একজন সাধারণ দর্শক ও পরিচালকের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেই পারি- ছবির গল্প, অভিনেতাদের অভিনয় দক্ষতা, বিশেষ করে পিয়ার খানের বাচনভঙ্গি, কন্ঠ খুব সুন্দর। একদিকে 'ডোম' এবং অন্যদিকে 'দানব' দুই ভূমিকায় অসাধারণ মানিয়েছে তাকে। সেও মুর্শিদাবাদের ভূমিপুত্র।


এই ছবির আরেকটি বড় দিক হল - বর্তমানে বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে যে মেডিকেল দুর্নীতি হয়, সাধারণ গরিব মানুষের পকেট কাটা থেকে শুরু করে প্রাণহানি হলেও হাসপাতালগুলো শুধুমাত্র মুনাফা দেখে, এ বিষয়টি সুন্দরভাবে পরিস্ফুটে হয়েছে। একইসঙ্গে পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণি বা ডোম সম্প্রদায়ের বাড়ির মেয়ে নার্সিং কিংবা ডাক্তারিতে পড়ার সুযোগ, দুর্নীতির আবহে পড়ে নিজের জীবনের মূল্য দেওয়া থেকে শুরু করে প্রেমিকার জন্য প্রেমিকের দানব হওয়ার মধ্যে টানটান উত্তেজনা রেখেছে।

একটি হাসপাতালের ডোম যে নায়ক চরিত্রে অভিনয় করছেন, এ বিষয়টি বাংলা সিনেমায় সচরাচর দেখা যায় না। যে বাংলা সিনেমায় আজীবন বাবু শ্রেণির মানুষের গল্প তুলে ধরা হয়, সেখানে প্রান্তিক এবং গ্রামীণ জীবনের গল্প আর আধুনিক শহুরে মানুষের দুর্নীতি, তীব্র অর্থলালসা, একইসঙ্গে অন্যের ক্ষতি করার দিকটিও সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক।এই দিক থেকে ছবিটি নিঃসন্দেহে অনন্যতার দাবি রাখে।

এই ছবিতে গানে গানে রয়েছেন গায়ক রূপম ইসলাম, জাভেদ আলী, দেবজ্যোতি, সমিধ মুখার্জি। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকারা। তাঁদের মধ্যে অন্যতম রূপসা মুখোপাধ্যায় ও নবাগত অভিনেতা পিয়ার খান। আছেন খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জী, ভিনায়ক ত্রিবেদি অনিন্দ পুলক ব্যানার্জী, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার।

"দানব" ছবিতে শুধু বিনোদন নয়, আছে সামাজিক বার্তা। ছবিতে সমাজের চলমান হাজারো দুর্নীতির মুখোশ উন্মোচিত  হয়েছে। সপরিবারে দেখার মত একটি সিনেমা। রুপসা ও পিয়ার খান দুজনেই ভীষণ রকম সম্ভাবনাময়, একথা বলতেই হবে। আরও বেশি সুযোগ পেলে তাদের কাজ অন্য মাত্রায় যেতে পারে।এ নিয়েই চর্চা শুরু হয়েছে টলিউডে। 

Post a Comment

0 Comments