বেঙ্গল মিরর ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর আতঙ্কে প্রায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর তালিকা। এবার বিচারাধীন তালিকায় নাম থাকায় আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। এমনই খবর সামনে এসেছে। অপরদিকে, এই একই কারণে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কালনার এক বাসিন্দা।

জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম বাদ পড়ার চিন্তায় আত্মঘাতী হয়েছেন হুগলির রিষড়া গ্রাম পঞ্চায়েতের বারুজীবী এলাকার বাসিন্দা মিনতি সেন (৫৮)। শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরিবারের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় মিনতি সেনের নাম নেই। এমনকী নাম বাদ গিয়েছে ছেলেরও। তা নিয়ে চিন্তায় ছিলেন।

অপরদিকে, বেশ কয়েকটি সাপ্লিমেন্টারি তালিকাতেও নিজের নাম দেখতে না পেয়ে কিছুদিন ধরে আশঙ্কায় ভুগছিলেন কালনার আহমদ আলি শেখ (৮৩)। তাঁর পাঁচ ছেলের নামও বিচারাধীন ছিল। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আহমেদ আলি শেখের। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ধাক্কা সামলাতে পারেননি। তাতেই মৃত্যু হয়েছে তাঁর।এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলেও খবর।