বেঙ্গল মিরর ডেস্ক: আগামী ১ মে থেকেই বদলে যেতে পারে আপনার হেঁশেলের বাজেটের অঙ্ক এবং গ্যাস বুকিংয়ের ধরন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম-এর মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের সরবরাহ ও বুকিং ব্যবস্থায় বড়সড় রদবদল আনতে চলেছে। জানা গিয়েছে, মে মাসের ১ তারিখ থেকেই এই নিয়মগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। জানা গিয়েছে, বুকিংয়ের সময়সীমায় বদল হবে। এতদিন পর্যন্ত শহরাঞ্চল-এ ২১ দিনের ব্যবধানে গ্যাস বুক করা যেত, যা বাড়িয়ে ২৫ দিন করা হচ্ছে। গ্রামের জন্য এই ব্যবধান বেড়ে দাঁড়াতে পারে ৪৫ দিন পর্যন্ত। অর্থাৎ, এবার থেকে গ্যাস শেষ হওয়ার অনেক আগে থেকেই আপনাকে পরিকল্পনা সারতে হবে।

এখানেই শেষ নয়, গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং কালোবাজারি রুখতে ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। সিলিন্ডার যখন আপনার বাড়িতে আসবে, তখন ডেলিভারি এজেন্টের ফোনে আসা ওটিপি গ্রাহককে জানাতে হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন না হলে ডেলিভারি বাতিল হতে পারে। এর ফলে ভর্তুকিযুক্ত সিলিন্ডার সঠিক গ্রাহকের কাছে পৌঁছনো নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র গ্রাহকদের জন্য আধার ভিত্তিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাঁদের দ্রুত তা করতে হবে। গত কয়েক সপ্তাহে রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা বেড়েছে। ঘরোয়া সিলিন্ডারের দাম ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় ৬০ টাকা বেড়েছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও বারবার পরিবর্তিত হয়েছে। ১ মে থেকে নতুন করে দাম পর্যালোচনার কথা রয়েছে, বিশ্ব বাজারের পরিস্থিতি অনুযায়ী সিলিন্ডার আরও দামি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর বাইরে, যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগ পৌঁছে গিয়েছে, সেখানে গ্রাহকদের দ্রুত সিলিন্ডার ছেড়ে পাইপলাইনে সরতে উৎসাহিত করছে সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রূপান্তর না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট গ্রাহকদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

গ্যাস বুকিং: রইল সহজ ৪টি পদ্ধতি

১. হোয়াটসঅ্যাপ: আপনার গ্যাস প্রোভাইডারের অফিশিয়াল নম্বর সেভ করে 'Hi' বা 'REFILL' লিখে মেসেজ করুন।

২. মিসড কল বা আইভিআরএস: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট বুকিং নম্বরে মিসড কল দিন বা আইভিআরএস কলে ভয়েস কমান্ড ফলো করে বুকিং নিশ্চিত করুন।

৩. এসএমএস: আপনার ফোন থেকে 'LPG' বা 'REFILL' লিখে বুকিং নম্বরে এসএমএস পাঠান।

৪. অ্যাপ বা ওয়েবসাইট: ইন্ডিয়ান অয়েল, এইচপি পে বা ভারত গ্যাসের অ্যাপ অথবা পোর্টালে গিয়ে সরাসরি রিফিল বুকিং করতে পারেন।