বেঙ্গল মিরর ডেস্ক: বিগত প্রায় ৫০ বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার রাজাবাগান বদরতলায় চালু রয়েছে একটি বাস স্ট্যান্ড। যেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রুটের বাস চলাচল করে। সম্প্রতি সরকারি সেই জমির একটি বেসরকারি সংস্থা লিজ পেয়েছে। সেই সংস্থা এবং প্রোমোটাররা জমির দখল নিতেই বন্ধ হয়েছে বাস পরিষেবা। শুধু তাই নয়, এই বাস রুট বন্ধ হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের পরিবহণ দফতর থেকে শুরু করে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। সবাই মানবিক সরকারের দিকে তাকিয়ে আছেন। সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলেই আশা স্থানীয় লোকজন ও বাস মালিকদের।
![]() |
| এভাবেই দাঁড়িয়ে আছে বাস |
জানা গিয়েছে, গত শুক্রবার লিজ প্রাপ্ত সংস্থা ফ্যাব লেদার এবং প্রোমোটিং সংস্থা পিএস গ্রুপের লোকজন স্থানীয় থানার পুলিশ নিয়ে গিয়ে বাসস্ট্যান্ডের গেটে তালা মেরেছে। হঠাৎই এরকম ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাস মালিকরা হকচকিয়ে যান।
এ দিকে বাসস্ট্যান্ডের গেটে তালা পড়ে যাওয়ায় স্বাভাবিক ক্ষোভে ফেটে পড়েন বাস মালিকরা। গত শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। রাস্তার ধারে প্রায় ১০৩টি বাস সারিবদ্ধ দাঁড় করানো আছে। মানুষ যাতায়াত করতে পারছে না। গুরুত্বপূর্ণ যে সমস্ত রুটের বাস চলাচল করে সেগুলোর মধ্যে আছে হাওড়া, শিয়ালদা , হাওড়া ময়দান, ধর্মতলা প্রভৃতি।এইসব রুটের মানুষ চরম কষ্টের মধ্যে পড়েছেন।
এ নিয়ে বাসস্ট্যান্ড কমিটির সেক্রেটারি মজিবুল্লাহ খান বলেন, প্রায় ৫০ বছর ধরে আমরা এই বাস স্ট্যান্ড ব্যবহার করছি। সরকারি জমি এটা আমরা জানি, কিন্তু কোনদিন কোন সমস্যা হয়নি। আমরা যতটুকু জানতে এখানে প্রায় ৫১ বিঘা জমি রয়েছে। যে সংস্থা লিজ পেয়েছে তাদের জমি বাদ দিয়েও ১০ বিঘা জমি ফাঁকা থাকার কথা। আমরা প্রয়োজনে সরকারকে ভাড়া দিতে রাজি আছি কিন্তু সবার আর্জি এই বাসস্ট্যান্ড যেন না তোলা হয়। জেলা প্রশাসন থেকে শুরু করে পরিবহণ দফতর, সর্বত্র আমরা জানিয়েছি। কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ মানুষের যেমন অসুবিধা হচ্ছে, একইভাবে পরিবহনের সঙ্গে যুক্ত ড্রাইভার, কন্ডাক্টরদের রুজি রুটি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনএকটা ইতিবাচক পদক্ষেপ নেবে বলেই আশা করেন তিনি।

0 Comments