আজ ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন। জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দ। বেঙ্গল মিররের পাঠকদের কাছে তাই-ই তুলে ধরা হল। সময়ের প্রেক্ষিতে যা গুরুত্বের দাবিদার। রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন-

আমাদের জাতির জনক মহাত্মা গান্ধির ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি কৃতজ্ঞচিত্তে আমার প্রিয় দেশবাসীর পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানাই।প্রতি বছর দোশরা অক্টোবর গান্ধি-জন্মজয়ন্তী শুধুমাত্র ভারতেই স্মরণ করা হয় না, বিশ্বজুড়ে গান্ধিজির জন্মজয়ন্তী পালন করা হয়। তিনি সমস্ত মানবতার জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে রয়ে গিয়েছেন। তাঁর জীবন-কাহিনী সমাজের দুর্বল শ্রেণির মানুষকে শক্তি এবং ক্ষমতা জোগায়। তাঁর সত্য, অহিংসা এবং ভালবাসার বার্তা সমাজে সম্প্রীতি ও সাম্যের বার্তা বয়ে নিয়ে আসে, যা বিশ্ব কল্যাণের পথ প্রশস্ত করে। তাঁর মূল্যবোধগুলি আগের মতোই প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও তাই থাকবে।

Rashtrapati unveiling the bust of Mahatma Gandhi at Miriam College in Quezon City, Manila in Philippines. Photo Credit Rashtrapatibhavan


সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন যে, গান্ধিজির মতানুসারে সমস্যার সর্বাধিক সমাধানে সার্থকতা ও সহনশীলতার পথই অনুসন্ধান করা যেতে পারে। এই পথে চলার এক উজ্জ্বল উদাহরণ হল- গান্ধিজির নিজের জীবন। তিনি আমাদের শিখিয়েছেন যে, যারা আমাদের শুভাকাঙ্খী নয় তাদের সঙ্গেও আমাদের ভালো ব্যবহার করা উচিত এবং সবার প্রতি ভালোবাসা, দয়া ও ক্ষমাশীল অনুভুতি প্রয়োজন। আমাদের চিন্তা-ভাবনা, কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য থাকা উচিত।

গান্ধিজি তাঁর প্রচেষ্টায় নৈতিকতা, সুনির্দিষ্ট লক্ষ্য এবং উপায়গুলির ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমি খুব আনন্দিত যে, গান্ধিজির চিন্তা-ভাবনা এবং শিক্ষা আমাদের দেশের উন্নয়নে যেমন- স্বচ্ছ ভারত মিশন, মহিলাদের স্বশক্তিকরণ, দরিদ্র ও প্রান্তিক মানুষের ক্ষমতায়ণ, কৃষকদের সাহায্য এবং গ্রামে গ্রামে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান ইত্যাদি ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে।

গান্ধি-জয়ন্তীর এই শুভ অনুষ্ঠানে আসুন আমরা সত্য ও অহিংসার মন্ত্রকে অনুসরণ করে নিজেদেরকে জাতির কল্যাণ ও অগ্রগতিতে নিয়োজিত করি এবং এক স্বচ্ছ, দক্ষ, শক্তিশালী-সমৃদ্ধশালী ভারত গড়ে তুলি ও গান্ধিজির স্বপ্নকে বাস্তবায়িত করি।