বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতিও প্রকাশিত হয়েছে জেইই (অ্যাডভান্স) ২০২০’র ফলাফল। জানা গিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই (অ্যাডভান্স) ২০২০’তে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট ১ লক্ষ ৫০ হাজার ৮৩৮ জন প্রার্থী পরীক্ষায় বসেন। তারমধ্যে ৪৩ হাজার ২০৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৬ হাজার ৭০৭ জন মহিলা। ২০২০’র জিইই অ্যাডভান্স পরীক্ষার অভিন্ন ক্রমতালিকায় সবার ওপরে রয়েছেন – আইআইটি বম্বে জোনের চিরাগ ফালোর। পরীক্ষার দুই পত্র মিলিয়ে মোট ৩৯৬ নম্বরের মধ্যে ফালোর পেয়েছেন ৩৫২ নম্বর। মহিলাদের ক্রমতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন আইআইটি রুরকি জোনের মিস কনিষ্কা মিত্তল। অভিন্ন ক্রমতালিকায় মিস মিত্তল সপ্তদশ স্থান অধিকার করেছেন। মোট ৩৯৬ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৩১৫।
![]() |
| Photo credit: mysuru today |
অন্যদিকে, আইআইটি খড়্গপুর জোনের সর্বভারতীয় স্তরে প্রথম ১০০ জনের মধ্যে ৮ জন, প্রথম ২০০ জনের মধ্যে ১৬ জন, প্রথম ৩০০ জনের মধ্যে ২৪ জন এবং প্রথম ৫০০ জনের মধ্যে ৫৪ জন রয়েছেন। এই জোনে মহিলাদের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম হয়েছেন অনুষ্কা। অভিন্ন ক্রমতালিকায় তিনি ১৭৭ নম্বরে রয়েছেন। আইআইটি খড়্গপুর জোনে প্রথম ৫ জন স্থানাধিকারী হলেন – সমরথ আগরওয়াল, সঙ্কল্প পরাসর, ওজস্বিনী জৈন, রৌনক ডালমিয়া এবং তানিশ জাভেদ। অভিন্ন ক্রমতালিকায় এদের স্থান যথাক্রমে ২৫, ২৯, ৩৯, ৫২ এবং ৬৯। গণিত, ভৌত বিজ্ঞান এবং রসায়ন – এই ৩টি বিষয়ে প্রাপ্ত নম্বর একত্রিত করে মোট নম্বরের তালিকা স্থির করা হয়। অবশ্য, প্রত্যেক প্রার্থীকে বিষয়-ভিত্তিক সন্তোষজনক নম্বর পাওয়ার পরই তাঁকে ক্রমতালিকায় সংযোজনের বিষয়ে বিবেচনা করা হয়।

0 Comments