বেঙ্গল মিরর ডেস্ক: আজ যদি মহাত্মা গান্ধি বেঁচে থাকতেন তবে নতুন কৃষি আইনে খুব খুশি হতেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় কর্মী বিষয়ক, গণ-অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং। শুক্রবার তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পাশ করা সাম্প্রতিক কৃষি আইনগুলি সম্পর্কে মহাত্মা গান্ধি জীবিত থাকলে অত্যন্ত আনন্দিত হতেন। প্রকৃতপক্ষে কৃষি ও গ্রামাঞ্চলের সমৃদ্ধির বিষয়টি গান্ধিজির হৃদয়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল। মন্ত্রীর আরও দাবি, বাপু'র গ্রাম ও কৃষি-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি স্বাধীনতার ৭০ বছর পর মোদি সরকারের নতুন কৃষি আইন প্রণয়নের প্রচেষ্টার মাধ্যমে পূর্ণ হতে চলেছে। কৃষক স্বার্থে গত ছয় বছরে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে প্রসঙ্গ উল্লেখ করে ড. সিং বলেন, মোদি সরকার নিমের আস্তরণযুক্ত ইউরিয়া, মৃত্তিকা স্বাস্থ্য-কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ফসল বিমা যোজনা প্রভৃতি উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগগুলি ভারতীয় কৃষিক্ষেত্রের উদারীকরণের বিষয়গুলিকেই প্রতিফলিত করে। নতুন কৃষি বিলগুলিতে কৃষক সমাজকে স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে তাঁরা নিজেদের পছন্দসই বাজারে কৃষিজ-পণ্য বিক্রয় করতে পারেন।
![]() |
| Photo Credit: PIB, Govt. of India |
প্রসঙ্গত, তিনি দিল্লিতে কেন্দ্রীয় ভাণ্ডার এবং সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে গান্ধি-জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত 'স্বচ্ছতার সঙ্গে মহাত্মা গান্ধির পরীক্ষা-নিরীক্ষা' শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, নতুন কৃষি বিলগুলি কেবল ভারতীয় কৃষি ব্যবস্থায় নতুন গতি সঞ্চারই করবে না, সেইসঙ্গে ভারতীয় কৃষি ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলবে যার ফলে, কৃষকদের আয় দ্বিগুণ বাড়বে। যদিও বিরোধী দলের অভিযোগ, নয়া আইনে কৃষকদের অধিকার লাঙ্ঘিত হবে। বহুজাতিক সংস্থাগুলির কাছে চাষিদের বিক্রি করে দেওয়া হয়েছে।

0 Comments