মুর্শিদাবাদেই ডিলিট ভোটার ৫ লক্ষ, ব্লকে ব্লকে ট্রাইব্যুনালের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

বেঙ্গল মিরর ডেস্ক: সদ্য সমাপ্ত এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা থেকেই প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এত বিপুল সংখ্যক মানুষের আইনি প্রতিকার ও নাম পুনর্বহালের সুবিধার্থে মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ বা আপিল ট্রাইব্যুনাল গঠনের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীররঞ্জন চৌধুরীর। ২৪ মে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো ওই চিঠিতে অধীর লিখেছেন, পশ্চিমবঙ্গে সম্প্রতি যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, তার জেরে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মুর্শিদাবাদ জেলায়। তালিকা থেকে নাম বাদ যাওয়া এই বিশাল সংখ্যক মানুষকে এখন নিজেদের নাগরিক অধিকার প্রমাণ ও নাম তালিকায় ফেরাতে আপিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে জেলার আর্থ-সামাজিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন কংগ্রেস নেতা।

অধীর চৌধুরী লিখেছেন, মুর্শিদাবাদ এ রাজ্যের অন্যতম অনগ্রসর ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি জেলা। এই ভোটার তালিকা বিভ্রাটের শিকার হয়েছেন মূলত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষ, দিনমজুর, প্রবীণ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী এবং সামাজিক ও প্রান্তিক স্তরের সাধারণ নাগরিকেরা। ট্রাইব্যুনালের শুনানিতে হাজিরা দিতে এই সমস্ত নিঃস্ব ও অসহায় মানুষদের দীর্ঘ পথ অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে, যা তাঁদের পক্ষে চরম শারীরিক ও আর্থিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মানবিক ও প্রশাসনিক সংকটের হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতেই সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন অধীররঞ্জন চৌধুরী। তাঁর আন্তরিক অনুরোধ, সরকার যেন অবিলম্বে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে এই আপিল ট্রাইব্যুনাল গড়ে তোলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। এর ফলে বঞ্চিত ও দিনআনা-দিনখাওয়া মানুষগুলি নিজেদের ঘরের কাছেই আইনি ও প্রশাসনিক সাহায্য পাবেন এবং তাঁদের সুবিচার পাওয়ার পথ অনেক সহজ ও মসৃণ হবে। এর আগে নানান ইস্যুতে রাজ্যের কাছে আর্জি জানিয়েছেন অধীর চৌধুরী। এবার সরাসরি এস আই আর প্রক্রিয়ায় বাদ যাওয়া মানুষদের হয়ে সওয়াল করলেন কংগ্রেস নেতা। 

Post a Comment

0 Comments