রমযান: ফলের দাম নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থার দাবি নওসাদের

বেঙ্গল মিরর ডেস্ক: রোযার মাসে শাক-সবজি এবং ফলের দাম বেড়ে যায়। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় এই সমস্ত জিনিস। এবার এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে এক চিঠিতে তিনি লেখেন, আপনি নিশ্চয় অবগত আছেন যে আগামীকাল থেকে পবিত্র রমযান মাস শুরু হচ্ছে। এক মাস ধরে চলবে রোযা (উপবাস)। এই সময় প্রতিদিন ইফতারের সময় তাঁরা অন্যান্য খাদ্যদ্রব্যের সাথে ফলমূলও খেয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবছরই লক্ষ্য করা যায়, এইসময় ফলের দাম অত্যধিক চড়া হয়ে যায়। ফলে বেশিরভাগ মানুষ ফল কিনতে গিয়ে ভীষণ মুশকিলে পড়েন। কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য এই ঘটনা ঘটে চলেছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহর ও মফস্বলে হয়ত এগুলি দেখার জন্য টাস্ক ফোর্স আছে। কিন্তু গ্রামীণ এলাকায় হাটে বাজারে এই ধরণের টাস্ক ফোর্স দেখতে পাওয়া যায়না।

চিঠির প্রতিলিপি 

তিনি আরও লেখেন, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, গ্রামাঞ্চলেও টাস্ক ফোর্স গঠন করা হোক। আপনি বিশেষভাবে নির্দেশ দিন যাতে ফলের দাম নিয়ে কালোবাজারী না হয়। শহর ও গ্রামে এই বিষয়ে একমাস ধরে যেন কড়া নজরদারি থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে অনুরোধ করছি।

Post a Comment

0 Comments